নিজস্ব প্রতিবেদক
ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন।
বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, "এ সময় সাংবাদিকদের 'আওয়ামী লীগের দোসর' আখ্যা দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত ও তাদের ক্যামেরা/মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়"।
এক বিবৃতিতে তিনি বলেন, সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি রাষ্ট্র যদি নিজেকে গণতান্ত্রিক মনে করে সে ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সেই রাষ্ট্রেরই দায়িত্ব।
জি এম কাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যারা হামলার শিকার হয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা করেন।