কূটনৈতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার জবাবে একযোগে ৮টি মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের দাবি, কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ মোট ৮টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা কোনো মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটেনি। কুয়েত ও বাহরাইনও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানের ওপর নতুন করে কোনো হামলা হলে আরও কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে, ওয়াশিংটনও জানিয়েছে, ইরানের যেকোনো নতুন আগ্রাসনের কঠোর প্রতিক্রিয়া দেওয়া হবে।
বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টাকেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।