নিজস্ব প্রতিবেদক,
ঢাকা: রাজধানীর ভাটারা থানার কুরাতলী কাজীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১ আগস্ট ২০২৬ রাত ১১টা ৩৫ মিনিটে যমুনা ফিউচার পার্কের সামনে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে কুরাতলী কাজীবাড়ী সড়ক দিয়ে যাচ্ছেন। খবরের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে রাত ১১টা ৪৫ মিনিটে শ্রীপুর চায়ের দোকানের সামনে চেকপোস্ট বসানো হয়।
চেকপোস্ট চলাকালে একটি সাদা রঙের প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-গ ১৭-৬৩৮০) থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িতে থাকা আবুল হোসেন ওরফে ফ্যামিলি (৩২), মো. শাহজালাল ওরফে জালাল উদ্দিন (৩৭) এবং মোহাম্মদ জহির উদ্দিন (৪৩)-কে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক আবুল হোসেনের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৪ কেজি এবং শাহজালালের কাছে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে আরও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ ৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।
এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধারকৃত আলামত আদালতে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে।