নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে রাজধানীর মিরপুরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ, যাত্রী ও সাধারণ পথচারীরা।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ট্রাফিক মিরপুর বিভাগের আওতাধীন মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এসব এলাকায় যানজটের কারণে সড়কে চলাচলকারী যানবাহনকে ধীরগতিতে চলতে হচ্ছে।
এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সড়ক ব্যবহারকারী যাত্রী ও সাধারণ মানুষকে হাতে পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমাতে নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, সড়কে চলাচলের সময় সবাইকে ধৈর্য ধারণ, ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলা এবং সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।