নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বিএনপির প্রতিনিধি দল সিউলে পৌঁছেছে।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় দুপুরে প্রতিনিধি দলটি সিউলের ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় আইসিএপিপির প্রতিনিধি এবং দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা তাঁদের অভ্যর্থনা জানান।
বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সম্মেলনের কর্মসূচির অংশ হিসেবে বুধবার সন্ধ্যায় সিউলের হোটেল শিলায় এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতাদের সম্মানে স্বাগত নৈশভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই রাতে আইসিএপিপির স্থায়ী কমিটির ৪৬তম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামী ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় হোটেল শিলা সিউলে সম্মেলনের ১৩তম সাধারণ অধিবেশনের উদ্বোধন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের প্রথম দিনে দুটি প্ল্যানারি সেশন এবং ৬ নভেম্বর দ্বিতীয় দিনে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম প্ল্যানারি সেশন অনুষ্ঠিত হবে। এতে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁরা মতবিনিময় করবেন। পাশাপাশি সম্মেলন থেকে একটি অভিন্ন ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।
আগামী ৬ নভেম্বর বিকেলে সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশ থেকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশকে এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।