নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকার তিতুমীর কলেজ-সংলগ্ন স্থানে পৃথক দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে পৃথক সময়ে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ৮টা ৪৫ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্কিং করে রাখা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসটি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা পুলিশ।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে ‘আলিফ পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশ জানিয়েছে, পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পল্লবীর ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে বাস দুটিতে আগুন দেওয়ার কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম চলমান রয়েছে।
সূত্র: পুলিশ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন সংবাদমাধ্যম।