নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন বিভাগ পরিচালিত এক বিশেষ অভিযানে ১১৮ জন বাংলাদেশিসহ মোট ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। শনিবার মধ্যরাতে পুডু এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। অভিযানের সময় শতাধিক ব্যক্তির কাগজপত্র যাচাই-বাছাই করা হয় এবং যাদের বৈধ ভ্রমণ বা কর্মসংস্থানের নথি পাওয়া যায়নি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসন রোধ এবং কর্মসংস্থান সংক্রান্ত আইন বাস্তবায়নের অংশ হিসেবে দেশজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের পরবর্তী তদন্তের জন্য অভিবাসন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, মালয়েশিয়ায় বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। তবে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারীদের বিরুদ্ধে দেশটির সরকার নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।