নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৫ জুন: দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক ব্যবহার করছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই সংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৪ দশমিক ৮৮ শতাংশ, যা দেশের জন্য উদ্বেগজনক।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারের কারণে মাদকাসক্তির সমস্যা আরও জটিল আকার ধারণ করেছে। বিশেষ করে তরুণদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা বেড়ে যাওয়ায় সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে।
তিনি জানান, মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা আরও সহজলভ্য করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি মাদক সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের বিষয়েও কাজ চলছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত সচেতনতা গড়ে তুলতে হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।