নিজস্ব প্রতিবেদক
দেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হলেও কিছু এলাকায় এখনও লোডশেডিং থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, সরকার লোডশেডিং সম্পূর্ণভাবে দূর করতে কাজ করছে এবং পরিস্থিতি আগের দিনের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে।
সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে মন্ত্রী জানান, দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৮৩৯ মেগাওয়াট, বিপরীতে উৎপাদন হয়েছে ১৪ হাজার ৫০০ মেগাওয়াট। ফলে প্রায় ৩৩৯ মেগাওয়াট ঘাটতির কারণে কিছু এলাকায় সীমিত পরিসরে লোডশেডিং দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া দুটি বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন পুনরায় শুরু হয়েছে। এর ফলে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং লোডশেডিংয়ের পরিমাণ ধীরে ধীরে কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রী জানান, সরকার নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং খুব শিগগিরই দেশের বিদ্যুৎ পরিস্থিতি আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।