নিজস্ব প্রতিবেদক
কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশি প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হলে সেগুলো সিলেটের কানাইঘাট উপজেলার নিজ নিজ গ্রামের বাড়িতে নেওয়া হয়।
নিহত পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। তাদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে শত শত মানুষ ভিড় করেন।
গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে পাঁচ বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হন। নিহতদের মরদেহ দেশে পাঠানোর সব ব্যয় বহন করে বাংলাদেশ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে নিজ নিজ গ্রামে জানাজা শেষে তাদের দাফনের ব্যবস্থা করা হয়।