নিজস্ব প্রতিবেদক,
ঢাকা: রাজধানীর ভাটারা থানাধীন নাদ্দা হাড়েজ সড়ক এলাকায় নজির হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে এক বৃদ্ধের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে পিনকোড ব্যবহার করে ৩৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, অনলাইন জুয়ায় নিজের টাকা হারানোর পর নজির হোসেন কৌশলে এক বৃদ্ধের মোবাইল থেকে পিনকোড সংগ্রহ করে তার অ্যাকাউন্ট থেকে ৩৭ হাজার টাকা উত্তোলন করেন। পরে বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী ও স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে তিনি বিষয়টি অস্বীকার করলেও এলাকাবাসীর চাপের মুখে টাকা নেওয়ার কথা স্বীকার করেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের দাবি, পরিস্থিতি নিজের বিরুদ্ধে চলে যাচ্ছে বুঝতে পেরে নজির হোসেন নিজেই ভাটারা থানায় গিয়ে অভিযোগ করেন এবং পুলিশকে ঘটনাস্থলে নিয়ে আসেন। পরে পুলিশের অনুসন্ধানে অভিযোগের সত্যতা উঠে এলে তাকেই থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে তিনি ভবিষ্যতে এমন কাজ করবেন না—এই মর্মে মুচলেকা দিয়ে মুক্তি পান বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
তবে ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পরও আত্মসাৎ করা ৩৭ হাজার টাকা এখনো ফেরত দেননি নজির হোসেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি দ্রুত টাকা ফেরত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, অভিযুক্ত ব্যক্তির বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে তদন্ত শেষে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।