নিজস্ব প্রতিবেদক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) রাজধানীর উত্তরা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে আরাফাত রহমান কোকোর কর্মময় জীবন, ক্রীড়া সংগঠনে তাঁর অবদান এবং বিএনপির সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
আলোচনা সভা শেষে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির চেয়ারপারসন, নেতাকর্মী ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।
উত্তরা, ঢাকা | ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার