নিজস্ব প্রতিবেদক
ঢাকা: আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে ১০ জনের হাতে সরাসরি নিয়োগপত্র তুলে দেন।
অনুষ্ঠানে দেশের জন্য আত্মত্যাগকারী পরিবারগুলোর প্রতি গভীর শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করা হয়। এ সময় চাকরির নিয়োগপত্র পাওয়া পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, তাদের লক্ষ্য ও আকাঙ্ক্ষাকে সামনে রেখে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে তা বাস্তবায়নে কাজ করবে।
তিনি বলেন, আত্মত্যাগকারী পরিবারের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। রাষ্ট্র ও দেশের মানুষের কল্যাণে যারা জীবন দিয়েছেন বা নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাদের পরিবারের প্রতি সরকারের দায়িত্বশীলতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।