নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের মধ্যে এ অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. মিজানুর রহমান এবং আইএসডিবি গ্রুপের পক্ষে সংস্থাটির ডিরেক্টর জেনারেল (কান্ট্রি প্রোগ্রামস) আনাসি আইসামি চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রকল্পটি বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারিতে বছরে আরও ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তৈরি হবে। এর ফলে দেশে পরিশোধিত পেট্রোলিয়ামজাত পণ্যের সরবরাহ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।
সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়নের পর দেশের পেট্রোলিয়ামজাত পণ্যের চাহিদার প্রায় ৪৫ থেকে ৫০ শতাংশ পূরণ করা সম্ভব হবে। এতে আমদানি-নির্ভরতা কমানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের।
সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও আইএসডিবির উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করা, অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ ও অবকাঠামো খাতে সহযোগিতা সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে আইএসডিবির এ অর্থায়ন বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন