নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) ঢাকায় যাত্রাবিরতির জন্য পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
এ সময় ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে মন্ত্রীদ্বয় একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়া গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। একই সঙ্গে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছা জানান।
আলাপকালে এ অঞ্চলের জনগণের যৌথ কল্যাণ ও উন্নয়নের স্বার্থে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার বিষয়ে ভুটানের সহযোগিতা কামনা করে বাংলাদেশ।
এ সময় বাংলাদেশ ও ভুটানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়।
ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের ঢাকায় যাত্রাবিরতিকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।