নিজস্ব প্রতিবেদক
ঢাকা: শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার সমন্বিত কেন্দ্র হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দেশের চিকিৎসা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম।
তিন দিনব্যাপী বিভিন্ন বৈজ্ঞানিক সভা ও কর্মশালার অংশ হিসেবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন চীনের ইউনান প্রদেশের প্রাদেশিক সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল এবং কুনমিং বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল। এ সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চীনা প্রতিনিধিদলের মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বক্তব্য দেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) স্থায়ী কমিটির সদস্য ঝাও জুনমিন। তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে স্বাস্থ্য খাতে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।
ঝাও জুনমিন বলেন, স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, গবেষণা, চিকিৎসকদের প্রশিক্ষণ এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির ক্ষেত্রে চীনের অর্জন ও অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের ব্যাপক সুযোগ রয়েছে। ভবিষ্যতে স্বাস্থ্য খাতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং এর মাধ্যমে উভয় দেশের জনগণ উপকৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
কুনমিং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ইউ কিয়াং তাঁর বক্তব্যে কুনমিং বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে একাডেমিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করেছে। এর মাধ্যমে চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বিভিন্ন একাডেমিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে অর্গান ট্রান্সপ্ল্যান্টের পাশাপাশি ইউরোলজিতে মিনিমালি ইনভেসিভ প্রোসিডিউর, এন্ডোইউরোলজি, ল্যাপারোস্কোপিক সার্জারি এবং আধুনিক সার্জিক্যাল ইন্টারভেনশনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে। দক্ষ জনবল তৈরি, আন্তর্জাতিক প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্য খাতে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের সম্ভাবনা তুলে ধরে অধ্যাপক ডা. মো. রফিকূল ইসলাম বলেন, চিকিৎসা শিক্ষা, বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রশিক্ষণ, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, আধুনিক সার্জিক্যাল প্রযুক্তি, চিকিৎসা গবেষণা এবং উন্নত স্বাস্থ্যসেবা প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে।
তিনি বলেন, পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে চিকিৎসা শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের পাশাপাশি উন্নত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সাইফুল ইসলাম।
বৈঠকে উভয় পক্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং বিশেষায়িত স্বাস্থ্যসেবার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে দুই দেশের চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভবিষ্যতে আরও কার্যকর ও বিস্তৃত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।