নিজস্ব প্রতিবেদক
ঢাকা: রাজধানীর ভাটারা থানাধীন বারিধারা জে ব্লকের ৯ নম্বর রোডের মাথা, ঢালীবাড়ি কাঁচাবাজার এলাকায় চান মিয়া (৪৫) নামে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত চান মিয়া বারিধারা জে ব্লকের ৯ নম্বর রোডের মাথা এলাকায় গাড়ি পার্সেল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ব্যবসার কাজে গত মাসে আল ফালা ইসলামী ব্যাংক থেকে তিনি প্রায় ৮ লাখ টাকা ঋণ নিয়েছিলেন।
প্রাথমিকভাবে স্থানীয়দের মধ্যে ঘটনাটি আত্মহত্যা বলে আলোচনা হলেও, চান মিয়ার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, চান মিয়ার স্ত্রী ও দুই সন্তান ঢাকায় ছিলেন। তবে ঘটনার দুই দিন আগে তারা গ্রামের বাড়িতে চলে যান। এর মধ্যে মঙ্গলবার রাতে চান মিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন, বন্ধুবান্ধব ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
চান মিয়ার পরিচিতজন ও স্থানীয়দের ভাষ্য, তিনি শান্ত ও ভদ্র স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে অনেকেই বিস্মিত হয়েছেন।
ঘটনার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ বিষয়ে ভাটারা থানার পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানা গেছে।
নিহত চান মিয়ার গ্রামের বাড়ি পিরোজপুরে। তার মৃত্যু আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। এখন ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশের তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছেন স্বজন ও স্থানীয়রা।