নিজস্ব প্রতিবেদক
এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রীর এ ঘোষণার ফলে এইচএসসি ও সমমানের পরীক্ষায় যেসব শিক্ষার্থী এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের পরবর্তী পরীক্ষার জন্য দীর্ঘ এক বছর অপেক্ষা করতে হবে না। বরং এক মাসের মধ্যে পুনঃপরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন তারা।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে অকৃতকার্য শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময়ক্ষেপণ কমবে এবং দ্রুত ফলাফল উন্নয়নের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের হতাশা কমিয়ে পড়াশোনায় ফিরে আসতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষার পথ সুগম করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।