নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং (Liu Haixing) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত তাঁদের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, এমপি; যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, এমপি; যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, এমপি এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টায় তিন দিনের সফরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান চীনা প্রতিনিধিদলের প্রধান লিউ হাইশিং।
সফরসূচি অনুযায়ী, বুধবার তাঁর বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। তাঁর এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।