নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ভাটারা থানাধীন ১০০ ফুট সড়কে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর সহসভাপতি নাসির উদ্দিন পলাশের নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে সড়কের পাশে গাছ লাগানোর পাশাপাশি রাস্তা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
এ সময় নাসির উদ্দিন পলাশ বলেন, ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।
তিনি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সব সময় জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, রাজধানীর রাস্তাঘাট জনগণের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। ফুটপাত ও সড়কের অবৈধ দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা প্রয়োজন। একটি পরিচ্ছন্ন ও সুন্দর ঢাকা গড়ে তুলতে হকার সমস্যাসহ সড়কের প্রতিবন্ধকতা পরিকল্পিতভাবে সমাধান করতে হবে।
নাসির উদ্দিন পলাশ দীর্ঘদিন ধরে ঢাকা মহানগর উত্তর এলাকায় পরিচ্ছন্নতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। নেতাকর্মীদের নিয়ে মাঠপর্যায়ে কাজ করার পাশাপাশি তিনি নিয়মিত তাঁদের পরিচ্ছন্ন নগরী গড়ার বিষয়ে উৎসাহ ও পরামর্শ দিয়ে থাকেন।
তিনি বলেন, তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ ভাবনাকে সামনে রেখে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও জনবান্ধব ঢাকা গড়ে তোলাই তাঁদের প্রত্যাশা। শুধু বক্তব্য নয়, বাস্তব কাজের মাধ্যমেই এই স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে চান তাঁরা।
স্থানীয় পর্যায়ে এ ধরনের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।