নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী কার্যদিবসে জাতীয় সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী সংসদ ভবনকে শিগগিরই সম্পূর্ণ সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনার কথা জানান।
দেশের বিদ্যুৎ খাতে স্বনির্ভরতা অর্জনে গ্যাস ও কয়লার পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে বাসাবাড়িতেও সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে। পাশাপাশি নিজস্ব কয়লা সম্পদ ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেলে এবং নিজস্ব কয়লা ও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো সম্ভব হলে বিদ্যুৎ খাতের ওপর চাপ অনেকটাই কমে আসবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের প্রাকৃতিক সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। ভবিষ্যতে দেশের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব তরুণ প্রজন্মকেই নিতে হবে।
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিচর্চার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং চিত্রকলা, সংগীতসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের প্রতিভা বিকাশের পরামর্শ দেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এসব সুযোগ কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়েই সরকারের উদ্যোগগুলো সফল হবে।
ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্তত আরও একটি বিদেশি ভাষা শেখার পরামর্শ দেন। একাধিক ভাষায় দক্ষতা অর্জন শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিন জাতীয় সংসদ ভবন পরিদর্শন ও সংসদ অধিবেশন প্রত্যক্ষ করতে আসা শিক্ষার্থীদের মধ্যে ছিলেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম থেকে একাদশ শ্রেণির ৫২ জন শিক্ষার্থী। তাদের সঙ্গে পাঁচজন শিক্ষক ও প্রতিষ্ঠানের সভাপতিসহ মোট ৫৮ জন উপস্থিত ছিলেন।
এ ছাড়া সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সংসদ সদস্য সেলিনা সুলতানার মাধ্যমে ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজের ১২ জন শিক্ষার্থী, সংরক্ষিত মহিলা আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিনের মাধ্যমে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পিরোজপুরের (DUSAP) ৫১ জন শিক্ষার্থী এবং সংরক্ষিত মহিলা আসন-৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার ৪০ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন। এ সময় তারা সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন, উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন এবং সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন।