নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ, বিজ্ঞান প্রজেক্ট এবং ইনোভেটিভ আইডিয়া শোকেসিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করেন।
শুক্রবার (১২ জুন) দিনব্যাপী শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীরা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নানা উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। মেলায় দর্শনার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
বিকেল সাড়ে ৪টায় বিদ্যালয়ের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নওগাঁ-১ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।
প্রতিযোগিতায় উপজেলার গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ, পাহিড়াপুকুর স্কুল অ্যান্ড কলেজ, নিতপুর মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, পলাশবাড়ী চাচাইবাড়ি কামিল মাদ্রাসা, বারিন্দা শেখপাড়া ফাজিল মাদ্রাসা, নিতপুর দারুচ্ছুন্নাহ ফাজিল মাদ্রাসা, শহীদ পিংকু বালিকা উচ্চ বিদ্যালয়, গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয়, মশিদপুর উচ্চ বিদ্যালয়, শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং পোরশা হাই মাদ্রাসা কাম হাই স্কুলসহ মোট ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তারা ১১টি স্টলে নিজেদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন।
প্রতিযোগিতায় মশিদপুর উচ্চ বিদ্যালয় প্রথম, গাঙ্গুরিয়া উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং শিশা বহুমুখী উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।