রাজশাহী প্রতিনিধি
রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ জুন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পবা থানা পুলিশের একটি দল মহানগরীর নির্দিষ্ট এলাকায় অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করে। পরে তার হেফাজতে থাকা বিপুল পরিমাণ অ্যালকোহল জব্দ করা হয়। উদ্ধারকৃত অ্যালকোহলের মোট সংখ্যা ১ হাজার ৬৮ বোতল।
আরএমপি জানিয়েছে, মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরজুড়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।