রংপুর প্রতিনিধি
রংপুরে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা ও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁস এবং জালিয়াতির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। অভিযানে তাদের কাছ থেকে প্রশ্নফাঁস ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কাজে ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও প্রযুক্তিগত সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শনিবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রটির সদস্যদের আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পরীক্ষার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে প্রশ্ন সরবরাহ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির পরিকল্পনা করছিল।
রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানান, চক্রটির সঙ্গে আরও ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থী ও অভিভাবকদের কোনো ধরনের প্রশ্নফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। �