আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (COP31)-এর উদ্বোধনী অধিবেশন শুরুর আগে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) তুরস্কের আনতালিয়ায় সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বনেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক আলাপচারিতায় অংশ নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ইসমাইল ওল্ড শেখ আহমেদ, লন্ডনের মেয়র সাদিক খান, মলদোভার প্রধানমন্ত্রী ভাসিলে তোফান, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি এবং কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ। এ ছাড়া জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের সভাপতি সামেদ আগিরবাশ এবং ইন্দোনেশিয়ার প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গেও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
এর আগে বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তুরস্কের আনতালিয়ায় COP31 সম্মেলনস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় আয়োজকদের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়।
আগামী ১২ নভেম্বর সম্মেলনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করারও কর্মসূচি রয়েছে তাঁর।
উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে গত মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।