কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লা শহরের ২য় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৩ জুন ২০২৬ ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানাধীন ২য় মুরাদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কবরী আক্তার (৩২) নামে এক নারীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৬৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পারে, গ্রেফতারকৃত কবরী আক্তার কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার ২য় মুরাদপুর গ্রামের বাসিন্দা এবং রুবেল মিয়ার স্ত্রী। জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করার বিষয়টি স্বীকার করেছেন বলে জানায় র্যাব।
র্যাবের দাবি, মাদক নির্মূলে চলমান ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।