চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মা ও মেয়েকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া ওরফে তেজু বড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়াকে গ্রেফতারের পাশাপাশি হত্যায় ব্যবহৃত ধারালো অস্ত্র ও ভুক্তভোগীর একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য জানাতে সোমবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এর আগে গত শনিবার রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়ায় নিজ বাড়িতে হামলার শিকার হন এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬)। হামলায় দুজনই নিহত হন। এ সময় এনি বড়ুয়ার পাঁচ বছর বয়সী ছেলে গুরুতর আহত হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকেই তদন্ত শুরু করে পুলিশ এবং অবশেষে প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। হত্যাকাণ্ডের পেছনের কারণ ও অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।