কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে এমপি মনিরুল হক চৌধুরী বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে তাঁর নির্বাচনী এলাকা কুমিল্লা সদর দক্ষিণ থানায় চরমোনাই পীরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এ বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না এবং কারা মামলা করেছেন সে সম্পর্কেও তাঁর কোনো ধারণা নেই। বিষয়টি জানতে পেরে তিনি বিব্রত হয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি জানান, মামলার খবর পাওয়ার পরপরই তিনি নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করতে নির্দেশ দেন। পরে তাঁকে জানানো হয় যে বাদী মামলা প্রত্যাহারে সম্মত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি সদর দক্ষিণ থানার ওসি ও তাঁর আইনজীবীকেও নির্দেশ দিয়েছেন।
এমপি মনিরুল হক চৌধুরী আরও বলেন, জাতীয় সংসদে সংঘটিত একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তাঁর যে অভিযোগ ছিল, তা তিনি সংসদে যথাযথ প্রক্রিয়ায় লিখিতভাবে উপস্থাপন করেছেন। তিনি সবসময় আইন-শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে গত ২০ জুন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছিল।