ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সাধারণ খাতের আওতায় বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়েছে।
আজ দুপুরে ময়মনসিংহ জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।
অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশ পুনর্গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দল-মত, ধর্ম-বর্ণ ও জাতি-গোষ্ঠী নির্বিশেষে সবাইকে দেশ পুনর্গঠনের এই কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এদিকে, আজ সকালে রাংড়া পাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি এবং নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।
পরে বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল, শিক্ষা বৃত্তি এবং নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেন।