জেলা প্রতিনিধি
জামালপুরের মাদারগঞ্জে বিপুল পরিমাণ দেশীয় মদ তৈরির উপকরণ , চোলাই মদ ও নগদ টাকাসহ প্রদীপ দাস (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার নামাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার দুই সহযোগী নারী পালিয়ে যান। গ্রেপ্তার প্রদীপ দাসের পরনে সে সময় ব্রাজিল ফুটবল দলের জার্সি ছিল।
গ্রেপ্তার প্রদীপ দাস পৌর শহরের বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত ভুট্টো রবিদাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে নামাপাড়া এলাকার রবিদাসের বাড়িতে অভিযান চালায় মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। অভিযানকালে ওই বাড়ির বসতঘরের খাটের নিচে, রান্নাঘর এবং টিউবওয়েলের পাশ থেকে ৪১টি প্লাস্টিকের জারে রাখা ৪১০ লিটার দেশীয় মদ তৈরির উপকরণ , ১৭ কেজি চিটাগুড়, সাড়ে আট লিটার তৈরি চোলাই মদ এবং মদ বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান ভূঞা এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। ব্রিফিংয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় ও ওসি (তদন্ত) তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।