ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে অসহায় লকাই বিশ্বাসের পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ করে উপহার দেওয়া হয়েছে। পাশাপাশি অসহায় পরিবারের সদস্যদের চিকিৎসা সহায়তা, দুস্থ নারীদের সেলাই মেশিন এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেকের চর সর্বান্দিয়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লকাই বিশ্বাসের পরিবারের হাতে নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে আরও ১০ জন অসহায় নারীর হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এ ছাড়া কয়েকটি পরিবারকে কর্মসংস্থান সৃষ্টি ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরির লক্ষ্যে এসব সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোরদাররেস আলী ইছা, সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি দুস্থ নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।