নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং সরকারি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ উঠেছে সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে। এ ঘটনায় একজন লাইনম্যান আহত হন। পরে পুলিশের সহায়তায় অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করা হয়।
বুধবার (১০ জুন) বিকেলে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জাহাঙ্গীর আলম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
মাওনা জোনাল অফিসের প্রকৌশলী সজীব আহমেদের ভাষ্য অনুযায়ী, এমসি বাজার এলাকায় জাহাঙ্গীর আলমের নামে একটি শিল্প বিদ্যুৎ সংযোগের বিপরীতে দীর্ঘদিনের বকেয়া থাকায় প্রায় দুই বছর আগে সংযোগটি বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন লাইনের সরঞ্জাম খুলে আনার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও বাধার কারণে তা সম্ভব হয়নি।
তিনি জানান, বুধবার বিকেলে এজিএম আতিকুর রহমানসহ কর্মকর্তারা সরঞ্জামাদি খুলে আনতে গেলে জাহাঙ্গীর আলম ও তার সহযোগীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় পল্লী বিদ্যুতের একটি গাড়ি ও উদ্ধার করা সরঞ্জামাদি ভাঙচুর করা হয় এবং লাইনম্যান তাহেরুল ইসলাম (৩২) আহত হন।
মাওনা জোনাল অফিসের ডিজিএম (প্রকৌশল) শান্তনু রায় বলেন, নিয়ম অনুযায়ী বিচ্ছিন্ন সংযোগের সরঞ্জাম অপসারণ করতে গেলে এজিএম, প্রকৌশলী এবং চারজন লাইনম্যানকে হেনস্তা করা হয়। পাশাপাশি সরকারি গাড়ি ও সরঞ্জাম ভাঙচুর করা হয়। পরে পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করা হয়।
এ বিষয়ে শ্রীপুর থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্টদের উদ্ধার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম আরও জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব এসআই নূর কাশেম দেওয়া হয়েছে।