নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৩ জুন: একদিনের সরকারি সফরে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে বিমানযোগে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সফরকালে প্রধানমন্ত্রী কক্সবাজারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন। কর্মসূচির মধ্যে রয়েছে পিএমখালীর পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন, দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চকরিয়ায় এক জনসভায় বক্তব্য প্রদান। এছাড়া তিনি মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত এলাকা পরিদর্শন এবং স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম কক্সবাজার সফর। সফরকে ঘিরে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দিনের কর্মসূচি শেষে রাতে তিনি ঢাকায় ফিরে আসবেন বলে জানা গেছে