ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা-ফরিদপুর মহাসড়কের মশাউজান এলাকা থেকে অপহৃত হওয়ার প্রায় ২১ ঘণ্টা পর টিটুল মোল্লা (৩৮) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত টিটুল মোল্লা বর্তমানে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে অপহরণের পর অমানবিক নির্যাতন করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টিটুল মোল্লা ফরিদপুর শহরের কোতোয়ালি থানার গোয়ালচামট ২ নম্বর সড়ক এলাকার বাসিন্দা। তিনি মৃত ফরহাদ মোল্লার ছেলে। গত শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-ফরিদপুর মহাসড়কের মশাউজান নামক এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
অভিযোগে বলা হয়েছে, মধুখালি উপজেলার কানাইপুর এলাকার বাসিন্দা সোহেল গাজী (৩৯), পিতা সত্তার গাজী, অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জন সহযোগীকে সঙ্গে নিয়ে টিটুল মোল্লাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই ভুক্তভোগীর পরিবার নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ পাওয়ার পর নগরকান্দা থানা পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং বিভিন্ন স্থানে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় আজ রোববার (১৪ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে এসআই নুরমোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল মধুখালি উপজেলার একটি এলাকা থেকে টিটুল মোল্লাকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারের পর তার শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করলে দ্রুত তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণের সময় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং সফলভাবে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, “অপহরণে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। আশা করছি খুব শিগগিরই জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অপহরণের কারণ ও এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।