নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৮ জুন: রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৪। উদ্ধার হওয়া অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘Made in Pakistan’ লেখা খোদাই করা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তথ্য ছিল, নির্মাণাধীন ওয়াশরুমে মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে একটি ছেঁড়া শপিং ব্যাগের ভেতর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত রিভলবারটির বিভিন্ন অংশ অক্ষত রয়েছে। অস্ত্রটির গায়ে ‘Made in Pakistan’ লেখা এবং উদ্ধার হওয়া গুলির পেছনে ইংরেজি অক্ষর খোদাই করা ছিল।
র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে তা শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামত আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।