গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডে বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের সময় জাল টাকা দান করতে গিয়ে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) জুমার নামাজ আদায়ের সময় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কাওয়াতুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে হানিফ মিয়া। বর্তমানে তিনি ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন পূর্ব নাখালপাড়া এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের আগে মসজিদে দান করার উদ্দেশ্যে হানিফ মিয়া দুটি ৫০০ টাকার নোট দিয়ে ২০০ টাকা দান করতে চান এবং বাকি ৮০০ টাকা ফেরত চান। এ সময় এক মুসল্লির সন্দেহ হলে তিনি নোট দুটি পরীক্ষা করে জাল বলে মনে করেন। পরে আরও কয়েকজন মুসল্লি নোট যাচাই করে সেগুলো জাল বলে নিশ্চিত হন। তখন তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন বাদী হয়ে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির হেফাজত থেকে সাতটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।