ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ান আফরিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, অবৈধভাবে মাটি কাটা, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, “আমরা লক্ষ্য করছি, কিছু এলাকায় জনপ্রতিনিধিদের সহযোগিতায় এখনো অবৈধভাবে মাটি কাটার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতে কেউ এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সহকারী পুলিশ সুপার মুহাম্মদ আল ফাহাদ বলেন, “বর্তমানে নগরকান্দায় মাদকের বিস্তার উদ্বেগজনক। মাদকমুক্ত সমাজ গড়তে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগ যথেষ্ট নয়; সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ বলেন, “কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসা, সন্ত্রাস, কাইজা-গ্যাঞ্জাম কিংবা যেকোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আইন প্রয়োগে কোনো ধরনের আপস করা হবে না।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান আফরিন বলেন, “নগরকান্দাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন নিরলসভাবে কাজ করছে। কোনো ধরনের অন্যায়, দুর্নীতি বা অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। আইন তার নিজস্ব গতিতেই চলবে। তবে মাদক, অপরাধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
সভায় উপস্থিত বক্তারা উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থে প্রশাসনের চলমান কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।