মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তূপ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে হাসপাতাল চত্বরে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গভীর রাতে ডাস্টবিনসংলগ্ন এলাকা থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে এক আয়া বিষয়টি কর্তব্যরত নার্সদের জানান। পরে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে জরুরি বিভাগে ভর্তি করেন। বর্তমানে নবজাতকটি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছে।
চিকিৎসকদের ধারণা, শিশুটির জন্ম অল্প কিছুক্ষণ আগেই হয়েছে। তবে তার জন্ম গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়নি। কে বা কারা নবজাতকটিকে হাসপাতালের ময়লার স্তূপে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। নবজাতকের পরিচয় শনাক্ত এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।